প্রধানমন্ত্রী
একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, তারা এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা একটি কথা বলি- করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। যারা এই স্লোগানে বিশ্বাস করে না, যারা এই নীতিতে বিশ্বাস করে না, তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের কাছে গোয়েন্দাদের খবর আছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন দেশের কয়েকটি জায়গায় কয়েকটি কল কারখানায় কিছু শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, "পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে যে, যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তারা সেখানে অর্থ সরবরাহ করছে। অর্থ সরবরাহ করে তারা কাদের সাহায্যে করছে?"
আরও পড়ুন: অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ ৮৫ নারী-পুরুষ আটক
তিনি বলেন, "এই যে কতগুলা লোক আছে, একটি দল আছে, যারা ভ্রান্তি ছড়ায় দেশের মধ্যে। যারা বিভিন্ন টিকিট বিক্রি করার চেষ্টা করেছিল নির্বাচনের আগে, জনগণের কাছে মিথ্যা কথা বলে- এই দুই পক্ষ এক হয়েছে। একজন পয়সা দিচ্ছে সীমান্তের ওপার থেকে, আরেকজন এখানে বসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে।
দেশে স্থিতিশীলতা বজায় রাখতে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজ সময় এসেছে বাংলাদেশের জনগণের সচেতন হওয়ার। আমি আপনাদের আহ্বান জানাব, আজ থেকে আমাদের সচেতন হতে হবে, যাতে কেউ বাংলাদেশে আর কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। বাংলাদেশের অর্থনীতি, মানুষের অর্থনৈতিক অবস্থা এবং মানুষের ভাগ্য পরিবর্তনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, কাজ শুরু হয়েছে, সেটি যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে।’
