পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম
ফাইল ছবি
সৌদি আরবের বিভিন্ন শহরের কারাগারে বর্তমানে অন্তত সাড়ে সাত হাজার বাংলাদেশি প্রবাসী বন্দী রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিভিন্ন অপরাধে দণ্ডিত হয়ে তাঁরা কারাগারে রয়েছেন বলে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে জানিয়েছে। এদিকে, সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় এখনো বিস্তারিত তথ্য ও রায়ের অনুলিপি পায়নি বাংলাদেশ সরকার। বিষয়টি নিয়ে সৌদি সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি আরবে হুথিদের হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মদের মরদেহ হস্তান্তরের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম বলেন, সৌদি কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে কারাগারে থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা পাঠায় এবং তাঁদের বিরুদ্ধে থাকা অভিযোগ ও দণ্ডের বিষয়ে অবহিত করে। বাংলাদেশের কাছে থাকা তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটির বিভিন্ন কারাগারে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি রয়েছেন।
সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কাছে থাকা তথ্য অনুযায়ী, শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি সরকার এখনো বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
আরও পড়ুন: সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
গত ১৪ অক্টোবর নজরুল ইসলাম ও সুইটি আক্তার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানায় সৌদি কর্তৃপক্ষ। মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে তাঁদের এ সাজা দেওয়া হয়েছিল বলে জানা যায়। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর রায়ের অনুলিপি ও ঘটনার বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।
পরবর্তী পদক্ষেপ সম্পর্কে শামা ওবায়েদ বলেন, রায়ের অনুলিপি চেয়ে সৌদি সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। রায়ের অনুলিপি পাওয়া গেলে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি দেশের নিজস্ব বিচারব্যবস্থা রয়েছে এবং সে অনুযায়ী তারা সিদ্ধান্ত নেয়। তবে কোনো বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ডের মতো সাজা কার্যকরের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশকে অবহিত করা প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বাংলাদেশ সরকার বিস্তারিত তথ্য জানতে চায় এবং এ বিষয়ে কাজ করছে।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা কোন সময়ে ঘটেছিল, তা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, ঘটনাটি ২০২৩ সালের। ওই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এরপর অন্তর্বর্তী সরকারের দেড় বছরের মেয়াদ পার হয়েছে। বিএনপি সরকার গঠন করেছে মাত্র ছয় মাস আগে। এই সময়ের মধ্যে বিষয়টি বাংলাদেশকে জানানো হয়নি বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ঘটনাটি পুরোনো হলেও বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি জানতে পেরেই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের নাগরিকদের সুরক্ষায় সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। সৌদি সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান করতে হবে।
প্রবাসীদের সেবা গ্রহণের বিষয়ে তিনি বলেন, কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেবা প্রদানে অবহেলা বা ঘাটতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
