তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পিএম
ফাইল ছবি
তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সংবিধান ও আইন বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদে উচ্চকক্ষ গঠিত হলে এবং একই সংসদের মেয়াদে উচ্চকক্ষ বিলুপ্ত না হলে, সেই উচ্চকাঠামোর মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া রাখা যায় কি না, সে বিষয়ে সভায় বিভিন্ন ধারণা উঠে এসেছে।
আরও পড়ুন: ‘শিক্ষক ও রাজনৈতিক নেতার কাজ চুমু দেওয়া নয়’
তিনি জানান, এ ক্ষেত্রে উচ্চকক্ষে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রস্তাব দিয়েছেন কেউ কেউ। একজন প্রস্তাব করেছেন, ভাইস প্রেসিডেন্টকে উচ্চকক্ষের স্পিকারের দায়িত্ব দেওয়া যেতে পারে। বিকল্প হিসেবে সরকার ও বিরোধী দলের সম্মতিতে স্পিকার নির্বাচনের বিষয়টিও আলোচনায় এসেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উচ্চকক্ষের ওই স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া যায় কি না, তা বিবেচনার প্রস্তাবও এসেছে।
এ ছাড়া স্পিকার ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের মধ্য থেকে সরকার ও বিরোধী দলের সম্মতির ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগের বিধান রাখা যায় কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
