সারজিস আলম
নতুন করে আর কাউকে হাসিনা হতে দেবো না
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশে নতুন করে কোনো ব্যক্তিকে শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী অবস্থানে যেতে দেওয়া হবে না। তিনি বলেন, ক্ষমতায় থাকা দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডের দায় শেষ পর্যন্ত সরকারপ্রধানকেই বহন করতে হয়।
বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আয়োজিত জুলাই পদযাত্রা শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, অভ্যুত্থানের পর সরকার গঠনের পর যদি দলীয় নেতাকর্মীরা চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক ব্যবসা কিংবা সাধারণ মানুষের ওপর নির্যাতনের মতো কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তার রাজনৈতিক দায় সরকারপ্রধানের ওপরই বর্তায়।
পুলিশ বাহিনীর উদ্দেশে তিনি বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অপব্যবহারের অভিযোগ ছিল। ভবিষ্যতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার মাধ্যমে জনগণের আস্থা ও সম্মান পুনরুদ্ধার করতে হবে।
তিনি আরও বলেন, ক্ষমতাসীন যেকোনো দলই আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করতে পারে। তবে বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করা উচিত।
দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বা পুশ-ইনের মতো ঘটনা ঘটলে রাজনৈতিক পরিচয়ের চেয়ে রাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন অবস্থান নেওয়া সরকারকেই তারা সমর্থন করবেন বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান শাওন এবং সদস্যসচিব মাসুদুর রহমান রাসেলসহ অন্যান্য নেতারা।
