শেখ হাসিনার পদত্যাগ নিয়ে যা বলল পাকিস্তান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০২:৩২ পিএম
ছবি : সংগৃহীত
গত সোমবার ছাত্র-জনতার গণবিক্ষোভের মাঝে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। তার পদত্যাগের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতন হয়। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ‘ভারত-সমর্থিত’ সরকারের অবসান হয়েছে বলে মন্তব্য করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (৮ আগস্ট) পাকিস্তানের পিএমএল-এন নেতা ও প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ মন্তব্য করেছেন। খবর জিও নিউজের।
খাজা আসিফ বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের নতুন যুগ শুরু করার সুযোগ হয়েছে। বাংলাদেশের সঙ্গে অতীতের উত্তেজনা মিটিয়ে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার কাজ শুরু করার ওপর জোর দিয়েছেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনার ১৫ বছরের মেয়াদে বাংলাদেশে ভারতের প্রভাব ছিল উল্লেখযোগ্য। তার ক্ষমতাচ্যুতির মাধ্যমে বাংলাদেশে একটি ভারত-সমর্থিত সরকারের সমাপ্তি হয়েছে।
সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শেখ হাসিনার পদত্যাগের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠন হয়। বৃহস্পতিবার শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
আরো পড়ুন : শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জয়ের নতুন বার্তা
