খামেনিকে হত্যা
পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে তাণ্ডব, নিহত ৯
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০২:৪৫ পিএম
মার্কিন কনস্যুলেটে শত শত পাকিস্তানি হামলা চালিয়েছে। ছবি সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে বিক্ষোভ হয়েছে। এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে বেশ কয়েকজন। মার্কিন কনস্যুলেটে তাণ্ডব চালিয়েছে শত শত পাকিস্তানি। এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।
শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমন্বিত হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের ঘটনায় রোববার সকালে করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীরা জড়ো হন।
আরো পড়ুন: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক
তারা কনস্যুলেটটিতে ঢুকে পড়ারও চেষ্টা চালান বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
আলজাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা জানালা ভাঙছে ও কিছু অংশে আগুন ধরিয়ে দিচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাস ব্যবহার করেছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। এসময় সেখানে ৯ জনের মৃত্যু হয় বলে এধি রেসকিউ সার্ভিস জানিয়েছে।
আরো পড়ুন: মধ্যপ্রাচ্য সংকটে শাহজালালে ৫৪ ফ্লাইট বাতিল
ওই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লাঠিপেটার পাশাপাশি কাঁদুনে গ্যাসও ছুড়তে হয়েছে বলে পাকিস্তানভিত্তিক অ্যাম্বুলেন্স সেবাদাতা প্রতিষ্ঠান ইধির বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে ডন।
বিক্ষোভকারীদের মৃত্যু কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুই পুলিশ সদস্য আহত হয়েছে।
পুলিশ সার্জন ড. সুমাইয়া সাইদ প্রথমে ছয়টি মৃতদেহ সিভিল হসপিটাল করাচিতে নিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। পরে পাকিস্তানের ডনের প্রতিবেদনে মৃতের সংখ্যা ৯ জন বলে জানানো হয়।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লানজার পুলিশের কাছে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন বলে জানিয়েছে তার কার্যালয়।
তিনি বলেছেন, কাউকেই আইন নিজের হাতে তুলে নেওয়ার অনুমতি দেওয়া হবে না।
তিনি কূটনৈতিক স্থাপনাসহ সংবেদনশীল সব স্থাপনার নিরাপত্তা জোরদারেও নির্দেশ দিয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে।
খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামাবাদ ও লাহোরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।
এদিকে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা না চালাতে ইরানকে সতর্ক করেছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে।
