পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ ২১ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ পিএম
ছবি: সংগৃহীত
পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক।
দেশটির সংবাদপত্র ডন জানিয়েছে, লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম এক বিবৃতিতে ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনার পর হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর আগে আসিম জানিয়েছিলেন, নিহত ১৭ শিক্ষার্থীর সবার বয়সই ১৩ বছর বা তার কম। এ ছাড়া আহত আরও ১৭ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পেশোয়ারের ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ক্লাসরুমে ক্লাস চলার সময়ই স্কুলটির ছাদ ধসে পড়ে। বিবৃতিতে আরও বলা হয়, ধ্বংসস্তূপ সরিয়ে শিশুদের উদ্ধারের জন্য উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে।
পাকিস্তানে ভবন বা ছাদ ধসে পড়ার ঘটনা প্রায়ই ঘটে। এর প্রধান কারণ হলো দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং নির্মাণকাজে নিম্নমানের উপকরণের ব্যবহার। গত জুলাই মাসে উমরকোটের কাছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরের দেয়ালের একটি অংশ ধসে পড়লে ৩ থেকে ১৩ বছর বয়সী তিন শিশু মারা যায়।
একই মাসে লাহোরের বাঘবানপুরা এলাকায় একটি নির্মাণাধীন বেসরকারি স্কুলের ছাদ ধসে এক শিশু নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়। জুন মাসে লাহোরের কাহনা এলাকায় একটি প্রাইভেট কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু হয়।
এর দুই মাসেরও কম সময় আগে ডেরা গাজী খান এলাকায় একটি বেসরকারি স্কুলের ক্লাসরুমের ছাদ ধসে চার শিশু নিহত ও ২০ জন আহত হয়েছিল।
