×

অন্যান্য

দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে বাম দলগুলোর মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৬:৩৬ পিএম

দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে বাম দলগুলোর মিছিল

ছবি: ভোরের কাগজ

সর্বক্ষেত্রে বৈষম্য বিলোপ, ফ্যাসিবাদী শাসনের ভিত্তি উচ্ছেদ ও সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়ানো, ছাত্র-জনতা হত্যার বিচার, দুর্নীতির মূল উৎপাটনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ আয়োজিত এক সমাবেশে অবিলম্বে আন্দোলনকারী ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও সব ছাত্র সংগঠন এবং সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তবর্তীকালীন সরকার গঠনের ঘোষণার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) পুরান পল্টন মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলা হয়, গণবিক্ষোভে স্বৈরাচারী শেখ হাসিনার পলায়ন ছাত্র জনতার বিজয়। এই বিজয়কে স্থায়ী করতে হলে স্বৈরাচারী ব্যবস্থার অবসান করে পূর্ণ গণতান্ত্রিক অধিকার ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

সমাবেশে সারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন দেশবাসীকে ভূমিকা নেবার আহ্বান জানিয়ে বলা হয়, এই সুযোগে বিভিন্ন জায়গায়, দুর্নীতিবাজ, লুটপাটকারীরা বিভিন্ন অফিসে তাদের দুর্নীতির ফাইল পোড়ানোর উৎসব করতে পারে। এ বিষয়ে দেশবাসীকে সচেতন থেকে দুর্বৃত্তদের রুখে দাঁড়াতে হবে।

আরো পড়ুন: দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বাম দলগুলোর আহ্বান

বক্তারা বলেন, শত শত শহীদের রক্ত ও দীর্ঘ লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই। ফ্যাসিবাদী শাসকের পতনের বিজয় ধরে রাখতে সচেতন দেশবাসীকে পাহারাদারের ভূমিকা নেবারও আহ্বান জানান। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার বেলাল চৌধুরী।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- সিপিবির সভাপতি শাহ আলম, বাংলাদেশ জাসদের শরীফ নুরুল আম্বিয়া, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির রুবেল সিকদার, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, গণমুক্তি ইউনিয়নের নাসির উদ্দিন আহমেদ নাসু, বাসদ (মাহবুব) নেতা মহিন উদ্দির চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কত?

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কত?

বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম

মার্কিন সেনাদের হুঁশিয়ারি ইরানের

মার্কিন সেনাদের হুঁশিয়ারি ইরানের

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ, অংশ নিলেই মিলবে শতকোটি টাকা

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ, অংশ নিলেই মিলবে শতকোটি টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App