মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয়েছে: জামায়াত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজারকে একটি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে দিয়ে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, এ ধরনের সিদ্ধান্তে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিক ও রেমিট্যান্স যোদ্ধারা ক্ষতির মুখে পড়বেন।
রোববার (২৩ আগস্ট) বিকেলে দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার নিয়ে সরকারের একটি মহলের কথিত ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াতের এই নেতা।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কর্মরত প্রবাসীরা নিজেদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, হয়রানি বন্ধ এবং আর্থিক নিরাপত্তা দেওয়া সরকারের নৈতিক দায়িত্ব।
আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক উদ্যোগ ও জাতীয় ঐকমত্য জরুরি
তাঁর অভিযোগ, সম্প্রতি বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কয়েকটি রিক্রুটিং এজেন্সিকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলার মাধ্যমে সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছে। এতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাধারণ সদস্যদের মধ্যেও উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, দুই দিন আগে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সিকে শ্রমিক পাঠানোর সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এর মাধ্যমে কার্যত সিন্ডিকেটভিত্তিক শ্রমবাজার ব্যবস্থা তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, অতীতেও সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট গঠনের কারণে সাধারণ শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে এবং হাজার হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবারও একই ধরনের পরিস্থিতির আশঙ্কা রয়েছে। তাঁর দাবি, এই ব্যবস্থায় একজন শ্রমিকের মালয়েশিয়া যেতে ৬ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে, যা সাধারণ শ্রমিক ও তাঁদের পরিবারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করবে।
এ অবস্থায় প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষা, কম খরচে বিদেশে যাওয়ার সুযোগ নিশ্চিত এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশে দুই হাজারের বেশি বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে। তাই মাত্র ২৫টি এজেন্সিকে কেন্দ্র করে মালয়েশিয়ার শ্রমবাজারে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, তা ভেঙে দিতে হবে। বায়রার সদস্য ও অভিজ্ঞ রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য উন্মুক্ত, স্বচ্ছ ও সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: নবম পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
এতে প্রতারণা, সম্ভাব্য শোষণ, অতিরিক্ত ব্যয় ও সিন্ডিকেটের দৌরাত্ম্য থেকে সাধারণ শ্রমিকদের রক্ষা করা সম্ভব হবে বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার। একই সঙ্গে কম খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে প্রবাসীরা নিজেদের পরিবারের স্বচ্ছলতা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।
গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশি নাগরিকদের জন্য সহজ ও কম খরচে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি, তাঁদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক উদ্যোগ নেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব।
তবে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। জনস্বার্থবিরোধী সব কার্যক্রম থেকে সরকারকে সরে এসে নিরাপদ ও স্বচ্ছ বৈদেশিক শ্রমবাজার নিশ্চিত করার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
