‘প্রতিদিন গড়ে ১০ জন খুন, ব্যর্থ সরকারের দৃষ্টান্ত’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম
ছবি: সংগৃহীত
রাষ্ট্রের কাছে মানুষের অন্যতম প্রধান প্রত্যাশা নিরাপত্তা। আর নিরাপত্তার বিভিন্ন মাত্রার মধ্যে জীবনের নিরাপত্তা সবচেয়ে মৌলিক— এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তার অভিযোগ, বিএনপি সরকার মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, সরকারি হিসাব অনুযায়ী গত তিন মাসে প্রতিদিন গড়ে ১০ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। তার মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার এটি একটি স্পষ্ট দৃষ্টান্ত।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সারাদেশে গত জুলাইয়ে ২৯৮টি, জুনে ৩২৬টি, মে মাসে ৩১০টি, এপ্রিলে ২৮৮টি এবং মার্চে ৩১৭টি খুনের মামলা হয়েছে। এর মধ্যে মে, জুন ও জুলাই—এই তিন মাসে নথিভুক্ত খুনের মামলার সংখ্যা ৯৩৪টি। মাসিক গড় হিসেবে এ সংখ্যা দাঁড়ায় ৩১১টির বেশি। সেই হিসাবে প্রতিদিন গড়ে ১০ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন।
আরও পড়ুন: ‘ঘুষ.সাইট’-এ তিন দিনেই ১৩২৯ অভিযোগ, ২৫ কোটি টাকা ঘুষ দাবি
এ ধরনের ব্যাপক হত্যাকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারাও এ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের বেশি সময় পার করেছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই— এমন কথা বলা যথার্থ হবে না। বরং তার মনে হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না। তিনি আইন ও সংবিধানসহ অন্যান্য বিষয় নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন বলেও মন্তব্য করেন।
সরকারপ্রধানের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এভাবে গণহারে হত্যাকাণ্ড চলতে থাকলে সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাবে। আর জনগণের আস্থা হারালে রাষ্ট্র পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।
তিনি অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ এবং আদালতের দেওয়া চূড়ান্ত শাস্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
