‘আ’লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে জামায়াত-এনসিপি’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৫৫ পিএম
ঝিনাইদহ সদরের একটি সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত
সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত-এনসিপির লংমার্চ এবং ডিসেম্বরে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। তবে জনগণ তাদের এ উদ্যোগ মেনে নেবে না।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মন্তব্য করেছেন, বিএনপি সরকার বিরোধী দলের সঙ্গে আওয়ামী লীগের চেয়েও খারাপ আচরণ করছে। জামায়াত নেতার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে। জনগণ তাদের মেনে নেবে না।’
তিনি বলেন, জামায়াত-এনসিপির এমপিরা সংসদে সরকারি দলের এমপিদের মতো সুযোগ-সুবিধা চাইছেন। তাদের দাবি নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, ‘তারা কি সুবিধা পাচ্ছে না?’
আরও পড়ুন: ‘জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়’
জামায়াতের অতীত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জামায়াত ১৭ বছর তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি। তারা এখন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। জনগণ জামায়াত-এনসিপির সেই স্বপ্ন পূরণ করতে দেবে না।’
সংসদে বিরোধী দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চলাকালে ১১ দলীয় জোটের এমপিরা বিরোধিতা ও হট্টগোল করেছেন। একই সঙ্গে বিরোধী দলের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গুমের ঘটনা নিয়ে প্রশ্ন করছেন।
তিনি বলেন, ‘তারা একদিকে গুম কমিশনে গুমের ঘটনার বিচার চাইছে, অন্যদিকে সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এটাই জামায়াতের চরিত্র।’
এনসিপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক সম্পর্ক নিয়েও সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘এনসিপি যেদিন জামায়াতের সঙ্গে যোগ দিয়েছে, সেদিনই তারা ধ্বংস হয়ে গেছে। সবাই এখন বলে, যাহাই জামায়াত, তাহাই এনসিপি।’
জামায়াত-এনসিপির বিরুদ্ধে দেশ অস্থিতিশীল করার অভিযোগ তুলে তিনি বলেন, ‘জামায়াত-এনসিপি মিলে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।’
রাশেদ খাঁন আরও বলেন, ‘তারা আওয়ামী লীগকে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। আমরা বলতে চাই, তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালালে বাংলাদেশপন্থি জনগণ তাদের বরদাস্ত করবে না, ইনশাআল্লাহ।’
এর আগে বিকেলে মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাশেদ খাঁনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
