হাঁস যদি নৌকা খুঁজতে থাকে, তাহলে খেয়ে ফেলব: রুমিনকে তুষার
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৪৪ পিএম
ফাইল ছবি
আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের ‘ওকালতি’ করলে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার নির্বাচনী প্রতীক ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন ব্যারিস্টার রুমিন ফারহানা।
সারোয়ার তুষার বলেন, ‘এখানে নৌকাডুবি হয়ে গেছে। নৌকাডুবির পর হাঁস যদি ডুব দিয়ে নৌকা খুঁজতে যায়, তাহলে হাঁসকে কি বাংলাদেশের জনগণ আস্ত রাখবে? ব্রাহ্মণবাড়িয়ার জনগণ হাঁস আস্ত রাখবে? হাঁস কিন্তু জনগণ খেয়ে ফেলবে। কাজেই সাধু সাবধান।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের পক্ষে কোনো ওকালতি আমরা শুনতে চাই না। আপনি আওয়ামী লীগের বিচার চান না কেন? বিচার চান না, কিন্তু বলেন আওয়ামী লীগকে আসতেই হবে।’
আরও পড়ুন: সংসদ উপনেতা কি সালাহউদ্দিন আহমদ হচ্ছেন?
রুমিন ফারহানাকে উদ্দেশ করে এনসিপির এই নেতা আরও বলেন, একটি নির্বাচন জিতে যা খুশি করার ‘লাইসেন্স’ পাওয়া যায় না। তার ভাষায়, ‘আপনাকে আমরা ভালোবাসি, পছন্দ করি, কিন্তু সবকিছুর একটা সীমা আছে। দয়া করে আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের জাস্টিফিকেশন দিতে আসবেন না।’
তিনি আবারও বলেন, ‘হাঁস যদি নৌকা খুঁজতে থাকে, তাহলে হাঁস তো খেয়ে ফেলব আমরা।’
এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারসহ অন্যরা।
