মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা-ভাই গুরুতর আহত
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:৩০ পিএম
ছবি : সংগৃহীত
রাজশাহীর চন্দ্রিমা থানার ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী দায়ড়াপাক এলাকায় মাদকাসক্ত ছেলের হামলায় মা ও ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মুন্না (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত মুন্নার আচরণে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। এর আগে তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রেও (রিহ্যাব) রাখা হয়েছিল।
আহত মুন্নার ছোট ভাই মৃদুল জানান, মুন্নাকে মাদকাসক্তি থেকে দূরে থাকার জন্য বোঝানোর চেষ্টা করলে তিনি তাদের সরে যেতে বলেন। একপর্যায়ে হুমকি দিয়ে বলেন, ‘তোরা এখান থেকে যা, নয়তো কালকে তোকে জবাই দিবো।’ এর আগেও এমন হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানান মৃদুল।
আরও পড়ুন: পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মীর হেলাল
মৃদুলের ভাষ্য, ঘটনার রাতে হঠাৎ মুন্না ধারালো হাসুয়া নিয়ে এসে তার গলার পেছনে আঘাত করেন। এরপর তাকে ও তাদের মাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে দুজনই গুরুতর আহত হন।
তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা দরজা ভেঙে প্রবেশ করে আহত মা ও মৃদুলকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে চন্দ্রিমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।
বর্তমানে আহত মা ও মৃদুল দুজনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অভিযুক্ত মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
