নদীতে ডুবে একে একে প্রাণ গেল পাঁচ শিশুর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় দেবীনগরে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর প্রাণ গেছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে মরা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো- চরচাকলা গ্রামের মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), মো. নিজামদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।
স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ বলেন, শুক্রবার হওয়ায় গ্রামের সবাই জুমা পড়তে গিয়েছিলেন। এ সময় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেনি। একপর্যায়ে তাদের মধ্যে একজন পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধারে অন্যরা এগিয়ে যায়। এ সময় একে একে পাঁচ শিশুই পানিতে ডুবে যায়।
আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বাঁচলো পার্বতীপুর রেলহেড ডিপো
জানা গেছে, চর চাকলা গ্রামের পাশের নদীটি স্থানীয়ভাবে মরা নদী নামে পরিচিত। এটি পদ্মার একটি শাখা নদী। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি প্লাবিত হয়। বছরের অন্য সময় এখানে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশে ও আশপাশের জমিতে ফসল চাষ করা হয়।
সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে মরা নদীটি পানিতে ভরে যায়। শুক্রবার দুপুরে পাঁচ শিশু ওই পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন।
একই গ্রামের পাঁচ শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে এলাকার পরিবেশ।
সদর মডেল থানার ওসি একরামুল হাসান স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাঁচ মেয়েশিশুর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। তবে তাদের বিস্তারিত পরিচয় পাইনি। ঘটনাস্থলে আমাদের লোক পাঠিয়েছি, পরে বিস্তারিত জানাতে পারব।
