সৌদির আগুনে স্বজনহারা ৭ পরিবার, নিজ নিজ গ্রামে দাফন
আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ)
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম
ছবি: ভোরের কাগজ
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর জানাজা শেষে নিজ নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত নয় বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছালে তাঁদের মধ্যে আত্রাইয়ের সাতজনের মরদেহ প্রশাসনের সহায়তায় রাত দেড়টার দিকে নিজ এলাকায় নেওয়া হয়। প্রিয়জনদের নিথর দেহ গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
আরও পড়ুন: জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খান
জানাজাতে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। জানাজা শেষে মরদেহগুলো নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর স্বজনরা নিজ নিজ গ্রামে নিয়ে তাদের দাফন সম্পন্ন করেন।
সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন, নিহত পরিবারগুলোকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাদের পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে আরও সহায়তা করা হবে। এ ছাড়া অগ্নিকাণ্ডে নিহত বাকিদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সৌদি দূতাবাস থেকে শনাক্ত হওয়া নওগাঁর সাতজন হলেন: আত্রাইয়ের উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামানিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।
