রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম
ছবি: সংগৃহীত
নাটোর-রাজশাহী বাস মালিক সমিতির অভ্যন্তরীণ কোন্দলে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো যাত্রী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দর্শনার উদ্দেশে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে আটকে দেওয়া হয়। পরে বাসটির যাত্রীদের নামিয়ে তুহিন পরিবহনের একটি বাসে তুলে দেওয়া হয়। ওই বাসেই তাদের দর্শনার উদ্দেশে পাঠানো হয়।
আরো পড়ুন: দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩
এ ঘটনার পর রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে নাটোরে তুহিন পরিবহনের তিনটি বাস আটক করা হয়। পরে নাটোরে আটক রাব্বি পরিবহনের বাসটি ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের তিনটি বাসও ছেড়ে দেওয়া হয়।
এরপর উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ রাজশাহী থেকে সব আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। বিরোধ নিরসনে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও নাটোরের পরিবহন মালিকদের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম বলেন, ‘আন্তঃজেলা বাস চলাচল নিয়ে নাটোর ও রাজশাহীর বাস মালিক শ্রমিকদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। সমস্য সমাধানে সর্বোচ্চ চেষ্টা চলছে।’
