‘কালো জাদু’র ভয় দেখিয়ে স্বর্ণালংকার হাতিয়ে নিলেন প্রতারক চক্র
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম
ছবি: সংগৃহীত
নাটোরের বাগাতিপাড়ায় ‘কালো জাদু’র ভয় দেখিয়ে একটি পরিবারের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের বড় পাঁকা গ্রামের মো: আকছেদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, আকছেদ আলীর ছেলে সিহাব আলী (২২) অসুস্থতার কারণে বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি বাড়ির সামনে এসে মাহফিলের কথা বলে টাকা সহযোগীতা চান। এ সময় সিহাব তাদের ২০ টাকা দিলে তারা এক গ্লাস পানি চান। পানি না দেওয়ায় তারা সিহাবকে তার মাকে ডেকে আনতে বলেন।
অভিযোগে বলা হয়েছে, সিহাবের মা বাইরে এলে ওই দুই ব্যক্তি তার ছেলেকে দেখিয়ে ‘কালো জাদু’ করার কথা বলেন। এতে সিহাবের মা কান্নাকাটি শুরু করলে অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান। একপর্যায়ে তারা এক গ্লাস পানি আনতে বলেন। পরে ওই পানিতে কিছু করার পর সেটি পান করতে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরপর বাড়িতে থাকা স্বর্ণালংকার এনে ওই পানিতে ডুবিয়ে রাখতে বলা হয়। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, তার স্ত্রী তাদের কথামতো একটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন ও এক জোড়া স্বর্ণের কানের দুল এনে পানিতে ডুবিয়ে দেন।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে ওই দুই ব্যক্তি সিহাবকে বাইরে থেকে একটি খেজুরের কাঁটা নিয়ে আসতে বলেন। সিহাব বাড়ির বাইরে যাওয়ার পর তারা তার মা ও ছোট ভাইকে ‘হিপনোটাইজ’ করার কথা বলে ভয় দেখিয়ে বাড়ি থেকে স্বর্ণালংকার নিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের দাবি, নিয়ে যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। পরে সিহাব বাড়িতে ফিরে এলে অভিযুক্ত দুই ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে যান। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা স্বর্ণালংকার খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করেন।
অভিযোগকারী আকছেদ আলী জানান, ঘটনার সাক্ষ্য হিসেবে অভিযুক্তদের ছবি ও ভিডিও ফুটেজ তার কাছে সংরক্ষিত রয়েছে বলে জানান।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, অভিযোগটি আমলে নিয়ে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
