×

রংপুর

ভারতের বিধানসভা নির্বাচন

বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে চার দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০১:১২ পিএম

বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে চার দিন

ছবি: সংগৃহীত

ভারতের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে চার দিন বন্ধ থাকবে।

ভারতের ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার সাধারণ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল), বুধবার (২২ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত তিন দিন বন্ধের নির্দেশনা জারি করেছে ভারতের নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা জারি ও তা অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে বাংলাদেশে শুক্রবার (২৪ এপ্রিল) সরকারি ছুটি থাকায় মোট চার দিন বন্ধ থাকবে এ স্থলবন্দর।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০ এপ্রিল ভারতের কোচবিহার জেলার ম্যাজিস্ট্রেট শ্রী জিতিন যাদব স্বাক্ষরিত একটি চিঠির বরাত দিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানায়।

চিঠিতে বলা হয়, পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন পরিচালনার জন্য ভারতের নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তার জারি করা নির্দেশনা অনুযায়ী ২১, ২২ ও ২৩ এপ্রিল সীমান্ত সিলমোহর ও চলাচল নিয়ন্ত্রণে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। 

এ কারণে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ফলে বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর দিয়েও আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী ২৫ এপ্রিল থেকে পূর্বের মতো বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে।

এ বিষয়ে চিঠির মাধ্যমে বুড়িমারী কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, বিজিবি-বিএসএফ কমান্ডার, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, চালক, কর্মচারী ও শ্রমিক সংগঠন, স্থানীয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বুড়িমারী পুলিশ ইমিগ্রেশনসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।

অন্যদিকে, বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন সূত্র জানায়, ওই সময় জরুরি চিকিৎসাসেবা-সংক্রান্ত ভিসাধারী যাত্রী ও ভারতীয় নাগরিকদের সীমিত আকারে যাতায়াতের অনুমতি থাকবে। তবে সাধারণ যাত্রী পারাপার বন্ধ থাকবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে সে দেশের নির্বাচন কমিশন কর্তৃক নিষেধাজ্ঞা জারি করায় বুড়িমারী স্থলবন্দরের বিপরীতে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম তিন দিন বন্ধ থাকবে এ কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমও তিন দিন ও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারসহ মোট চার দিন বন্ধ থাকবে। আগামী ২৫ এপ্রিল পুনরায় বন্দরের  ব্যবসায়ীক কার্যক্রম চালু করা হবে।’

বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান ভারতের নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞার সত্যতা নিশ্চিত করেছেন।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার (ডিসি) মহীউদ্দিন বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে স্থলবন্দর বন্ধের বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে এবং এ সংক্রান্ত নির্দেশনার চিঠিও তাদের কাছে পৌঁছেছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App