নীলফামারীতে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম
ছবি : সংগৃহীত
নীলফামারীর ডোমার উপজেলায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যান দুমড়ে-মুচড়ে গেলে একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের মটকপুর নদীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যান ডোমার-জলঢাকা সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন: নাদিয়াপাড়া এলাকার ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রতিমা রানি (২৮) এবং তার দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।
