দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:০৬ এএম
ছবি: সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় পা হারিয়েছেন বাসটির এক যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ৫ জনকে।
শনিবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পা হারানো ওই যাত্রীর নাম অনন্ত দাস (২৭)। তিনি চক গোবিন্দপুর এলাকার উজ্জল দাসের ছেলে।
আরো পড়ুন: বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের চাপড়িগঞ্জ এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোর ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনায় অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
গোবিন্দগঞ্জের হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ‘দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের বাসের ধাক্কায় এই দুর্ঘনা ঘটে। এসময় এক যাত্রীর পা বিচ্ছিন্ন হওয়াসহ অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী আহত হয়েছেন।’
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎস ডা. আতিক বলেন, ‘দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনকে এখানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৫ জনকে বগুড়া শজিমেকে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের অবস্থা গুরতর।’
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, ‘ফোন পাওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই স্টেশন ত্যাগ করে ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছেছি। পরে তাদের গাড়িতে করেই আহতদের হাসপাতালে পৌঁছানো হয়েছে।’
