যৌথ অভিযানে দুই টন অবৈধ মজুত সার উদ্ধার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা দুই টন সার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতভর পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় সার উদ্ধার ও জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।
আরো পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি
অভিযান সূত্রে জানা যায়, সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মো. বেলাল মিয়া ও মো. মানিক উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গোয়ালঘর, খড়ের মাচা ও ধানের গোলা থেকে ৪২ বস্তায় এক হাজার ৫০০ কেজি ইউরিয়া এবং ৬৫০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়। অভিযুক্তদের ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে অবৈধ সুবিধা নিতে না পারে, সেজন্য ভুরুঙ্গামারী থানা পুলিশ সার বিতরণ ব্যবস্থায় কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।’
