জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম
ছবি : সংগৃহীত
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিতর্কে নতুন তথ্য সামনে এসেছে। তার দেওয়া ব্যাখ্যার সঙ্গে ভাইরাল হওয়া আরও কয়েকটি ভিডিওর কথোপকথনে অসঙ্গতি দেখা গেছে।
সম্প্রতি প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যায়, গাজী নজরুল ইসলাম মরিয়ম বেগম নামের এক তরুণীকে নিয়ে ‘নীলা’ নামে পরিচিত এক নারীর বাসায় গিয়েছিলেন বলে উপস্থিত কয়েকজন দাবি করছেন।
এর আগে নিজের ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম মরিয়ম বেগমকে তার দ্বিতীয় স্ত্রী বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, দ্বিতীয় শ্বশুরের অফিসে ধারণ করা ভিডিওটি তার ব্যক্তিগত গাড়িচালক, যিনি মরিয়মের মামাও, গোপনে ধারণ করেছেন।
তবে নতুন ভিডিওগুলোর কথোপকথনে দেখা যায়, উপস্থিত কয়েকজন ‘নীলা’ নামের এক নারীর বাসা নিয়ে প্রশ্ন তুলছেন। ভিডিওতে তাদের বলতে শোনা যায়, “এটা নীলার বাসা। আগে আওয়ামী লীগ করত। এখন দেহ ব্যবসার জন্য বাড়ি ভাড়া দেয়।”
এ সময় কয়েকজন যুবক গাজী নজরুল ইসলামের উদ্দেশে প্রশ্ন করেন, “আগে কয়বার এসেছেন? সত্যি করে বলেন, কয়বার এসেছেন। আমরা কয়েক দিন ধরে আপনাকে এখানে আসতে দেখেছি, কিন্তু ধরতে পারছিলাম না।”
ভিডিওতে আরও দেখা যায়, গাজী নজরুল ইসলাম হাতজোড় করে ক্ষমা চাইছেন। তাকে বলতে শোনা যায়, “আমাদের ছেড়ে দেন। আমরা অন্যায় করেছি।” অন্যদিকে, মরিয়ম বেগমকে তুলনামূলক শান্ত ও দৃঢ় অবস্থানে দেখা যায়। তিনি উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগের জবাব দেওয়ার চেষ্টা করেন।
ভিডিওতে উল্লেখ করা ‘নীলা’ নামের ওই নারীর পরিচয় বা তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওর কথোপকথন থেকে ঘটনাস্থল ঢাকার কোনো এলাকায় বলে ধারণা করা হলেও, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত হয়নি।
এ ঘটনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য এবং ভিডিওগুলোর সত্যতা যাচাইয়ের বিষয়টি এখনও আলোচনায় রয়েছে।
