হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’ তৎকালীন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বহুল আলোচিত এই মন্তব্যের কারণে একসময় আলোচনায় আসেন বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলম। এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হওয়ায় তাকে ঘিরে সেই পুরোনো মন্তব্যটি আবারও আলোচনায় এসেছে।
গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে মো. মাসুদ আলমসহ সংস্থাটির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি ও দায়িত্ব পুনর্বিন্যাসের তথ্য জানানো হয়। জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশ অনুযায়ী, বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রামে একই দায়িত্বে পদায়ন করা হয়েছে। ফলে তিনি চট্টগ্রামে মো. মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মো. মাসুদ আলম এর আগে বিআরটিএর বিভিন্ন অনিয়ম ও কর্মকর্তাদের ভূমিকা নিয়ে আলোচনার সময় তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক পরিচিতি পান।
এক অনুষ্ঠানে মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে।
এবার প্রশাসনিক বদলির কারণে মো. মাসুদ আলমের নাম সামনে আসতেই পুরোনো সেই আলোচিত মন্তব্যটি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনায় এসেছে।
