বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম
ছবি : সংগৃহীত
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন উপস্থাপক দীপ্তি চৌধুরী। রাজনৈতিক ছত্রছায়ার বাইরে থাকা সাধারণ নাগরিক এবং নারী হওয়ার কারণে বাঁধনকে সহজ লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বাঁধনের ওপর হামলার পেছনে চারটি কারণ তুলে ধরেন দীপ্তি চৌধুরী।
দীপ্তি তার স্ট্যাটাসে দাবি করেন, একটি গণঅভ্যুত্থানে বাঁধনের প্রকাশ্য অবস্থান অনেকের রাজনৈতিক বা আদর্শিক অবস্থানের সঙ্গে মেলেনি। এ ছাড়া রাষ্ট্রীয় সহিংসতার প্রতিবাদে বাঁধন রাজপথে ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদ জানিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।
তার মতে, বাঁধন কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় নেই। একই সঙ্গে একজন নারী হওয়ায় তাকে তুলনামূলক সহজ লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে।
হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দীপ্তি বলেন, বর্তমানে যারা সরকারে রয়েছেন, তাদের প্রত্যেকেই জুলাইয়ের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। অথচ রাজনৈতিক ছায়াহীন সাধারণ নাগরিকদেরই ‘জুলাই জঙ্গি’সহ নানা অপবাদ শুনতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, সাধারণ মানুষকে বড় আন্দোলনের সমর্থক হিসেবে প্রশংসা করা হলেও সহযোদ্ধা হিসেবে আগলে রাখা হচ্ছে না।
জুলাইয়ের আন্দোলনের কৃতিত্ব ও অংশীদারিত্ব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান আলোচনা নিয়েও প্রশ্ন তোলেন দীপ্তি। বাঁধনের ওপর হামলার ঘটনায় এসব রাজনৈতিক দল কী ধরনের ব্যবস্থা নেয়, তা দেখার অপেক্ষায় আছেন বলেও জানান তিনি।
এদিকে জানা গেছে, ইতালির ভেনিসে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ভাই ও তার পরিবারের সঙ্গে সেখানে গেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। স্থানীয় সময় বেলা সোয়া ২টায় এবং বাংলাদেশ সময় ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
সিনেমাটির প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন। সিনেমাটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন।
