ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:০৯ এএম
ছবি : সংগৃহীত
ভেনিজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। এক শতকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ধীরগতির তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
শুক্রবার (২৬ জুন) ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই এবং দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানান, সরকারি হিসাবে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জন হয়েছে।
এর আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছিলেন, ভূমিকম্পে প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছেন।
শুক্রবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্য পরিদর্শনের সময় তিনি জানান, বিদেশি উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে শুরু করেছে। তবে উদ্ধার অভিযান চললেও মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
রদ্রিগেজ বলেন, বুধবার সন্ধ্যায় আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে লা গুয়াইরা রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উদ্ধারকারী দলগুলো জীবিতদের সন্ধান চালিয়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য ও পানীয় পানি বিতরণ করছে।
আরো পড়ুন : ট্রাম্প প্রশাসনের সহায়তায় কৃতজ্ঞ ভেনেজুয়েলা: রদ্রিগেজ
হাজারো মানুষ এখনো নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে উদ্ধারকারী দল কয়েক ডজন মানুষকে জীবিত উদ্ধার করে তাদের পরিবার ও স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে। এ সাফল্যের কথা জানিয়ে উদ্ধারকর্মীরা প্রেসিডেন্টকে বলেন, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পে ভেনিজুয়েলার প্রায় ৬৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। এর মধ্যে শুধু রাজধানী কারাকাসেই প্রায় ২০ লাখ মানুষ রয়েছেন।
আন্তর্জাতিক রেড ক্রসের আমেরিকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক লয়েস পেস বলেন, আফটারশকের আশঙ্কায় অনেক মানুষ এখনো নিজেদের বাড়িতে ফিরতে ভয় পাচ্ছেন।
এদিকে বুধবারের এই ভয়াবহ ভূমিকম্প নিয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করেছে, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি মোকাবিলায় ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
এ ছাড়া ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে রাজধানী কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
