×

দক্ষিণ আমেরিকা

ভেনেজুয়েলায় বাড়ছে মৃত্যু, ধ্বংসস্তূপে আটকে হাজারো মানুষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:৩০ এএম

ভেনেজুয়েলায় বাড়ছে মৃত্যু, ধ্বংসস্তূপে আটকে হাজারো মানুষ

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় গত সপ্তাহে পরপর দুটি ভূমিকম্পের পরও উদ্ধার অভিযান শেষ হয়নি। দেশটির বিভিন্ন এলাকায় এখনও পর্যাপ্ত সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে উদ্ধারকাজের বড় অংশই স্থানীয় বাসিন্দাদের ওপর নির্ভর করছে। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধার হওয়া এখন অনেকটাই ভাগ্যের ওপর নির্ভর করছে।

মঙ্গলবার (৩০ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরগুলোর একটি লা গুয়াইরা বন্দরের বাসিন্দারা নিজেদের স্বজন ও প্রতিবেশীদের খুঁজে বের করতে শাবল, হাতুড়ি ও কোদাল নিয়ে ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছেন। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

এদিকে সোমবার ভোরে দেশটিতে আরো একটি পরাঘাত অনুভূত হয়েছে। তবে এতে নতুন করে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই দুর্যোগকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ হিসেবে উল্লেখ করেছেন। বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন : জার্মানিতে গোলাগুলিতে নিহত অন্তত ৫, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে শুরু করলেও গুরুত্বপূর্ণ সময় পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্রমেই কমে আসছে। তবে সোমবার ভোরে ১০০ ঘণ্টারও বেশি সময় আটকে থাকার পর ২১ বছর বয়সী এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, বুধবার উত্তরাঞ্চলের লা গুয়াইরা রাজ্যে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৮০০টি ভবন ধসে পড়ে। সর্বশেষ সোমবার কারাকাস ও লা গুয়াইরায় ৪ দশমিক ৬ মাত্রার একটি পরাঘাত অনুভূত হয়েছে।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর রাস্তায় ভেনেজুয়েলার পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি থাকলেও উদ্ধার অভিযানে তাদের সক্রিয়ভাবে অংশ নিতে খুব বেশি দেখা যায়নি।

কারাকাসের পশ্চিমে অবস্থিত পাহাড়ি এলাকা এল জুনকুইতোর বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, উদ্ধার অভিযানে সরকারি কর্মকর্তাদের উপস্থিতি ছিল খুবই সীমিত। কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সরবরাহ করা নিত্যপ্রয়োজনীয় সামগ্রীই দুর্গত মানুষের প্রধান ভরসা হয়ে উঠেছে।

সোমবার দেওয়া এক বক্তব্যে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জানান, ২৫ হাজারের বেশি জরুরি কর্মী, পুলিশ ও সেনাসদস্য ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছেন। তিনি বলেন, এখন প্রতিটি জীবন বাঁচানোই আমাদের সবচেয়ে বড় অর্জন।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে রঙভিত্তিক সংকেত পদ্ধতি চালু করা হবে। সেই মূল্যায়নের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে, কারা নিজেদের বাড়িতে ফিরতে পারবেন। পাশাপাশি বাস্তুচ্যুত মানুষের জন্য অস্থায়ী আশ্রয়শিবিরও স্থাপন করা হচ্ছে বলে তিনি জানান।

জাতিসংঘের আবাসিক মানবিক সমন্বয়কারী জিয়ানলুকা রামপোলা দেল তিনদারো জানিয়েছেন, ভূমিকম্পের পর এ পর্যন্ত ৫০০টিরও বেশি পরাঘাত হয়েছে। এতে অন্তত ২ হাজার ৫০০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই সম্পূর্ণ ধসে পড়েছে।

তিনি বলেন, সম্ভাব্য মৃতের সংখ্যা বাড়তে পারে বিবেচনায় নিয়ে জাতিসংঘ উদ্ধার অভিযানের অংশ হিসেবে ১০ হাজার মৃতদেহ সংরক্ষণের ব্যাগ সংগ্রহ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, হাসপাতালে ৩৯ জন

ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, হাসপাতালে ৩৯ জন

জার্মানির বিদায়ে স্বস্তির হাসি ব্রাজিল শিবিরে

জার্মানির বিদায়ে স্বস্তির হাসি ব্রাজিল শিবিরে

ভেনেজুয়েলায় বাড়ছে মৃত্যু, ধ্বংসস্তূপে আটকে হাজারো মানুষ

ভেনেজুয়েলায় বাড়ছে মৃত্যু, ধ্বংসস্তূপে আটকে হাজারো মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App