নেপালকে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখেই নারী কাবাডি সিরিজ জিতলো বাংলাদেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:৪২ এএম
ছবি: সংগৃহীত
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সফরকারী নেপালকে কোনো সুযোগই দিল না বাংলাদেশ নারী কাবাডি দল। ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে নেপালকে ৩৪-২২ পয়েন্টে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
সিরিজে টিকে থাকার লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছিল নেপাল। ম্যাচের শুরুতে তারা ৮-৪ পয়েন্টে এগিয়ে গেলেও দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ধারাবাহিক বোনাস পয়েন্ট, কার্যকর ট্যাকল ও সফল রেইডে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় স্বাগতিকরা। প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশের ১৩-১১ পয়েন্টের লিডে।
আরো পড়ুন: ফাইনালের হারার পর পুলিশের সঙ্গে আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ
বিরতির পর ব্যবধান কমানোর চেষ্টা চালায় নেপাল, কিন্তু বাংলাদেশের সংগঠিত রক্ষণভাগ ও পরিকল্পিত আক্রমণের সামনে তারা সুবিধা করতে পারেনি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের একটি 'সুপার ট্যাকল' থেকে আসে ২ পয়েন্ট, যা স্কোরকে নিয়ে যায় ২১-১৫-এ। এরপর মেবি চাকমার দুর্দান্ত 'সুপার রেইড' থেকে যোগ হয় আরও ৩ পয়েন্ট। কিছুক্ষণ পরই নেপালকে 'অলআউট' করে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৪-২২ পয়েন্টের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচজুড়ে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
আরো পড়ুন: মাদ্রিদে স্পেনের বিজয় উৎসব
এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু, নাসির আহমেদ সাজু এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি বিমল ঘোষ ভুলু।
পাঁচ ম্যাচের সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ বৃহস্পতিবার (২৩ জুলাই) একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তবে সিরিজের নিষ্পত্তি হয়ে যাওয়ায় শেষ ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা।
