ম্যানইউকে বড় ব্যবধানে হারাল ম্যানসিটি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৯:১০ এএম
ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনকে পেছন থেকে টেনে ধরেন ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড়।
ইতিহাদে ম্যানচেস্টার ডার্বিতে কেভিন ডি ব্রুইন ও রিয়াদ মাহরেজের জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ম্যাচের ৫ মিনিটের মধ্যেই এগিয়ে যায় গার্দিওলার শিষ্যরা। পর্তুগিজ তারকা বার্নার্ডো সিলভার বাড়ানো বল বাম পায়ের শটে পোস্টের বাঁ দিকের নিচ দিয়ে জালে জড়ান সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।
১-০তে পিছিয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড সমতায় ফেরে ২২ মিনিটে। পল পগবার বাড়ানো বল থেকে গোল করে ইউনাইটেডকে সমতায় ফেরান জর্ডান সানচো। ২৮ মিনিটে আবারও সিটিকে এগিয়ে দেন ডি ব্রুইন। প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।
দ্বিতীয়ার্ধের খেলায় আরও দুইবার ইউনাইটেডের জালে বল জড়ায় সিটি। ৬৯ মিনিটে এবার কেভিন ডি ব্রুইনের সহায়তায় গোল করেন রিয়াদ মাহরেজ। ব্যবধান ৩-১ করার পর আরও একবার গোলের দেখা পায় এই আলজেরিয়ান তারকা।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে সিটির চতুর্থ গোলটি করেন মাহরেজ। এবার তাকে গোলে সহায়তা করেন গুন্দোগান। ৪-১ ব্যবধানে এগিয়ে থেকেই খেলা শেষ করে লিগ টেবিলের শীর্ষে থাকা গার্দিওলার শিষ্যরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে মর্যাদার লড়াই গতকাল ম্যানচেস্টার সিটি ৪-১ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে। এ জয়ের ফলে ২৮ ম্যাচ থেকে ৬৯ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে গার্দিওয়ালার নীল সিটিজেনরা।
অন্য দিকে সমান ম্যাচ থেকে ৪৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে র্যাগনিকের রেড ডেভিলরা। ম্যানচেস্টার ডার্বিতে গতকাল যদি ম্যানচেস্টার ইউনাইটেড জয় পেত তা হলে শিরোপা লড়াইয়ে লিভারপুলের জন্য সুবিধে হতো। ২৭ ম্যাচ শেষে লিভারপুলের সংগ্রহ ৬৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ২৬ ম্যাচে ৫৩, চতুর্থ স্থানে রয়েছে আর্সেনাল তাদের সংগ্রহ ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট।
ম্যানচেস্টার ডার্বির আগেই বিপদে রালফ রাংনিকের দল। একে তো মৌসুমজুড়ে অধারাবাহিকতার দল। গোল পাচ্ছেন না ফরোয়ার্ডরা। পয়েন্ট তালিকার চারে থাকলেও আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে প্রতিটা ম্যাচ নক আউটের মত হয়ে গেছে তাদের।
ইনজুরির কারণে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। চোটের কারণে রোনালদো ছাড়াও ছিল না এডিনসন কাভানি ও ম্যাকটোমিনেও। গত জুলাইয়ে ইতালির জুভেন্টাস থেকে আবার ইংল্যান্ডে ফেরেন রোনালদো। ফেরার পর ৩০ ম্যাচে ১৫ গোল করে এই মৌসুমে তিনিই রেড ডেভিলদের পক্ষে সর্বোচ্চ গোলদাতা।
তবে নতুন বছরে গোল খরা রোনালদোর পায়ে। এই বছরে মাত্র একটি গোল পেয়েছেন রোনালদো। শেষ ১০ ম্যাচে মাত্র একবার বল জালে জড়াতে পেরেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
