হবিগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:২৪ পিএম
ছবি : সংগৃহীত
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (২৩), একই গ্রামের ফুল মিয়ার ছেলে তানভীর মিয়া (১৮) এবং আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দন দাসের ছেলে অন্তর দাস (২৫)।
আরো পড়ুন: দুই সূত্রে ৪৫ বছরের পলাতক মোজাফফরকে গ্রেপ্তার করল ডিবি
দুর্ঘটনায় আহত চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের শহীদ মিয়ার ছেলে বাচ্চু মিয়া (২৫) এবং গুছাপাড়া এলাকার থৈগাঁও গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. মিজান মিয়া (২২)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, দ্রুতগতিতে চলাচলরত তিনটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে সড়কের বিভিন্ন স্থানে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরো দুজনকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে একসঙ্গে তিন তরুণের প্রাণহানির ঘটনায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসী এই সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
