কীর্তন শুনে বাড়ি ফেরার পথে নৌকাডুবি, নিখোঁজ ৪
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে নৌকাডুবিতে চারজন নিখোঁজ হয়েছেন।
শনিবার (১ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা নিজস্ব নৌকা নিয়ে নিখোঁজদের উদ্ধারে হাওরে উদ্ধার অভিযান শুরু করেন। তবে শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নিখোঁজ চারজনের কারও সন্ধান মেলেনি।
আরো পড়ুন: বেপরোয়া ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু
নিখোঁজ ব্যক্তিরা হলেন—জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের মৃত যগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ, একই এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র দেবনাথ সতী এবং মৃত অনিল দেবনাথের দুই ছেলে অরুণ দেবনাথ ও অধীর দেবনাথ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকা থেকে ১০ জনের একটি দল নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট গ্রামে ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে যান। অনুষ্ঠান শেষে ভোর সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের ‘বালুচর’ এলাকায় পৌঁছালে তাদের নৌকাটি ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা ১০ জন যাত্রীর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি চারজন পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মইয়ার হাওরে নৌকা ডুবিতে চার জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে।’
