আপত্তি-অনিশ্চয়তা কাটিয়ে সোনাই নদে নৌকাবাইচ
ফল অমীমাংসিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:১৭ পিএম
সোনাই নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
আপত্তি ও নানা অনিশ্চয়তা কাটিয়ে সিলেটের বিয়ানীবাজারে হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। তবে ফাইনালে কালিজুরি ও শরীফগঞ্জের দুটি নৌকা প্রতিযোগিতার নিয়ম ভেঙে পরপর দুবার যাত্রা শুরু করায় চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার সোনাই নদে লাউতা-বাহাদুরপুর যুব সমাজের আয়োজনে নৌকাবাইচের ৩০তম আসর বসে।
জুমার নামাজের পর থেকেই নৌকাবাইচ দেখতে সোনাই নদের দুই পাড়ে জড়ো হতে থাকেন নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী কয়েক হাজার মানুষ। দূর-দূরান্ত থেকেও অনেকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে ছুটে আসেন। বিকেল সাড়ে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেষ হয় আয়োজন।
এর আগে ‘তৌহিদী জনতার’ আপত্তির কারণে এবার নৌকাবাইচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উত্তেজনাও দেখা দেয়। পরে বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
আরও পড়ু: গাবখান নদীর তীব্র ভাঙন, হুমকিতে অর্ধশত পরিবার ও মসজিদ
পরিস্থিতি শান্ত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে বিষয়টি নিয়ে আলোচনা হয়। গত সোমবার (২৪ আগস্ট) তাদের মধ্যস্থতায় বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়। এরপর পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার নৌকাবাইচ আয়োজন করা হয়।
ফাইনালের ফল ঘোষণা হয়নি
আয়োজকেরা জানান, পুরো প্রতিযোগিতা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে ফাইনালে ওঠা কালিজুরি ও শরীফগঞ্জের নৌকা প্রতিযোগিতার নির্ধারিত নিয়ম না মেনে পরপর দুবার যাত্রা শুরু করে। এ কারণে ফাইনালের ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে ফাইনাল প্রতিযোগিতা আবারও আয়োজন করা হতে পারে।
নৌকাবাইচ দেখতে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীও উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ নদের দুই পাড়ে অবস্থান নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন।
দর্শনার্থীরা বলেন, নৌকাবাইচ গ্রামবাংলার অন্যতম ঐতিহ্যবাহী আয়োজন। সেই ঐতিহ্যকে কাছ থেকে উপভোগ করতেই পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে তারা এসেছেন। নদের দুই পাড়ে বিপুল মানুষের উপস্থিতি উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজক কমিটির লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গাংপার যুব সমাজের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, পূর্বনির্ধারিত সময়েই প্রতিযোগিতা শুরু হয়েছে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
তিনি বলেন, ‘এতে সিলেট-৬ আসনের সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ অংশ নিয়েছেন। নৌকাবাইচ সফল করতে সহযোগিতা করায় প্রশাসনসহ সাধারণ মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ।’
