সিউকের অংশীজন সভা
সিলেটকে পরিকল্পিত ও নিরাপদ নগরী হিসেবে গড়ার অঙ্গীকার
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
ছবি: ভোরের কাগজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষক, পেশাজীবী প্রকৌশলী, স্থপতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ অংশীজন সভা আয়োজন করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ। শহরটিকে একটি আধুনিক, টেকসই ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।
সোমবার বেলা সাড়ে ১১টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
সভাপতির বক্তব্যে কয়েস লোদী বলেন যে সিলেটের ভৌগোলিক প্রেক্ষাপটে টেকসই অবকাঠামো তৈরি, জলাবদ্ধতা নিরসন ও ঝুঁকিমুক্ত নগরায়ণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আরও উল্লেখ করেন যে শাবিপ্রবির পুরকৌশল ও স্থাপত্য বিভাগ, আইইবি, আইএবি, আইডিইবি এবং আবাসন খাতের অভিজ্ঞতা সিউকের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে।
আরও পড়ুন: ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন
সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই একটি নিরাপদ ও আধুনিক সিলেট উপহার দেওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় সিলেটের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল ন্যাশনাল বিল্ডিং কোড মেনে বহুতল ভবন নির্মাণ, ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নয়ন। পাশাপাশি পরিকল্পিত আবাসন নিশ্চিতকরণ এবং গ্যাস ও ড্রেনেজ ব্যবস্থার সঠিক ইউটিলিটি ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন বক্তারা।
সিউকের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহমান জাদিদের পরিচালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য উপস্থাপন ও মতবিনিময়ে অংশ নেন শাবিপ্রবির পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ ও অধ্যাপক ড. মোঃ শাহিদুর রহমান।
এছাড়া আইইবি সিলেট কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহান মাহমুদ এবং পিডব্লিউডির নির্বাহী প্রকৌশলী মো: আবু জাফর সভায় উপস্থিত ছিলেন।
জালালাবাদ গ্যাসের ডিএম সুহেদুর রহমান, সিউকের সহকারী প্রকৌশলী মাহমুদ আবু নাসেরসহ বিভিন্ন কনসাল্টিং ফার্ম ও রিয়েল এস্টেট গ্রুপের প্রতিনিধিরাও সভায় অংশ নেন। উপস্থিত বিশেষজ্ঞ ও অংশীজনরা সিউকের মাধ্যমে সিলেটের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে পূর্ণ সহযোগিতা দেওয়ার আশ্বাস ব্যক্ত করেন।
