×

প্রথম পাতা

বেনজীর-মতিউরের সম্পদের হিসাব তলব করেছে দুদক

Icon

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বেনজীর-মতিউরের  সম্পদের হিসাব  তলব করেছে দুদক

কাগজ প্রতিবেদক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের হিসাব চেয়ে নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সরকারি এই দুই কর্মকর্তার স্ত্রী-সন্তানদের সম্পদের তথ্যও চাওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা আলাদাভাবে তাদের ঠিকানায় নোটিস পাঠান। নোটিসে আগামী ২১ কর্মদিবসের মধ্যে তাদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে বলা হয়।

পাঠানো নোটিসে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে- আপনারা জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। নিজ ও আপনাদের ওপর নির্ভরশীল ব্যক্তির নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন। এ আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৫(২) ধারা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে নোটিসে উল্লেখ করা হয়।

এর আগে, বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেনজীরকে ৬ জুন ও তার স্ত্রী ও কন্যাকে ৯ জুন তলব করা হয়েছিল। কিন্তু তারা না এসে দুদকের কাছে সময় চেয়েছিলেন। তারপর তাদের পুনরায় ২৩ ও ২৪ জুন দ্বিতীয় দফায় সময় দেয়া হলেও হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগের লিখিত বক্তব্য জমা দেয় বেনজীর পরিবার। বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল আলমের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি টিম অনুসন্ধান করছে।

গত ৩১ মার্চ ‘বেনজীরের ঘরে আলাদিনের চেরাগ’ এবং ৩ এপ্রিল ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে একটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এরপর গত ২৩ মে বেনজীর আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। অন্যদিকে, গত ২৬ মে আদালত বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামের ১১৯টি জমির দলিল, ২৩টি কোম্পানির শেয়ার ও গুলশানের চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। গত ২৩ মে তাদের নামীয় ৩৪৫ বিঘা (১১৪ একর) জমি, বিভিন্ন ব্যাংকের ৩৩টি হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেয়া হয়। সব মিলিয়ে ৬২৭ বিঘা জমি ক্রোক করা হয়। এরই ধারাবাহিকতায় বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজের কার্যক্রম চলমান। আদালতের নির্দেশে এরই মধ্যে তাদের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ করা হয়।

অন্যদিকে, ছাগলকাণ্ডে আলোচনায় আসা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে গত ২৩ জুন তিন সদস্যের টিম গঠন করে দুদক। সংস্থাটির উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্ব টিম কাজ করছে। গত ৪ জুন তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হওয়ার পর কমিশনের পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর গত ২৪ জুন মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত। গত ৩০ জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে এনবিআর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), নিবন্ধন অধিদপ্তর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে চিঠি দিয়েছে দুদক। এছাড়া ঢাকা, গাজীপুর, বরিশালের মুলাদি ও নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রার অফিসে তথ্য চেয়ে চিঠি পাটিয়েছে দুদক।

জানা যায়, এনবিআর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট মতিউর রহমানের বিরুদ্ধে গত দুই যুগে চারবার দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগ পৃথকভাবে অনুসন্ধান করে দুদক। প্রতিবারই রহস্যজনকভাবে দুদক থেকে ক্লিনচিট পান তিনি। বর্তমানে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বদলি করা হয়েছে। যদিও তিনি অফিস করছেন না বলে জানা গেছে। তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন, এ বিষয়ে কোনো সংস্থা নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

বিনিয়োগে অনাস্থা, পুঁজি বিদেশে: নর্থ সাউথের সেমিনারে নানা প্রশ্ন

বিনিয়োগে অনাস্থা, পুঁজি বিদেশে: নর্থ সাউথের সেমিনারে নানা প্রশ্ন

জিয়াউলের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

শতাধিক গুম-খুনের মামলা জিয়াউলের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

এবার ভারতেই ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি

এবার ভারতেই ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App