×

প্রথম পাতা

রাষ্ট্রপতি নির্বাচন সেপ্টেম্বরে, শিগগির তফসিল দেবে ইসি

Icon

হরলাল রায় সাগর

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চায়ের কাপে ঝড় উঠেছে দেশজুড়ে। কেন্দ্র থেকে তৃণমূল, সরকারের প্রশাসন থেকে রাজনৈতিক মাঠ- সর্বত্র এখন আলোচনা- কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। ক্ষমতাসীন দল বিএনপির অভ্যন্তরেও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চলছে বিশ্লেষণ। দলটির নীতি-নির্ধারণী ফোরামও বসে নেই। এই ফোরামে সিদ্ধান্ত নেয়া হবে কাকে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। তবে বঙ্গভবনের নতুন অধিপতির জন্য একটু অপেক্ষা করতে বললেন দলীয় নেতারা। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। একইসঙ্গে খুব শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

নানা ঘটন-অঘটনের পর ‘অসুস্থতার কারণ’ দেখিয়ে দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মেয়াদপূর্তির প্রায় ২১ মাস আগেই গত ২৪ জুলাই পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এদিন বিকাল ৫টায় পদত্যাগপত্র গ্রহণ করেন এবং সঙ্গে সঙ্গেই তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংবিধানের ৪৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি।

তফসিল ঘোষণা শিগগিরই : নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গতকাল শনিবার গণমাধ্যমকে বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তিনি ২৪ জুলাই পদত্যাগ করেছেন।

ইনশাআল্লাহ ৯০ দিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন হবে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী। প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতোই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল শিগগির ঘোষণা করা হবে। এরপর একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণ অনুষ্ঠান হবে। আর একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

বিদ্যমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। সেই অনুযায়ী ইসি ভোটার তালিকা প্রস্তুত করবে। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইসি কমিশনার বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

রাষ্ট্রপতি পদে প্রার্থীর যোগ্যতা প্রসঙ্গে জ্যেষ্ঠ এই নির্বাচন কমিশনার বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে একজন সংসদ সদস্য হওয়ার জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা অর্জন করতে হবে এবং অযোগ্যতার কারণগুলো থেকে মুক্ত থাকতে হবে। বয়সের ক্ষেত্রেও আইনে ন্যূনতম ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সংসদ সদস্য হওয়ার জন্য প্রযোজ্য যোগ্যতা ও অযোগ্যতা-সংক্রান্ত শর্তগুলো রাষ্ট্রপতি পদের ক্ষেত্রেও প্রযোজ্য।

সেপ্টেম্বরে রাষ্ট্রপতি নির্বাচন : শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার বিষয়ক পরামর্শ সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতি নির্বাচন ২৪ অক্টোবর পর্যন্ত সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। ১৫ জুলাই থেকে ৬০ দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে বলে আশা করেন তিনি।

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি : ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশে জাতীয়তাবাদী দল-বিএনপি সরকার গঠনের পর থেকেই আলোচনা উঠে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে পূর্ণ মেয়াদ থাকলে কিংবা পদত্যাগ করলে কে হবেন তার স্থলাভিষিক্ত তা নিয়ে তখন থেকেই চর্চা হয়ে আসছে। অবশেষে শুক্রবার মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করায় পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের পালে হাওয়া লাগে। ঘুরেফিরে বিএনপির শীর্ষ চার নেতৃত্বের নাম চাউর হচ্ছে। তারা হলেন-দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান। তবে দল থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপি কাকে মনোনয়ন দিচ্ছে তা দলীয় নীতি-নির্ধারণী ফোরামে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার বগুড়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সভা করবে। স্থায়ী কমিটির সভা হবে, সিদ্ধান্ত হবে, এরপরই জানা যাবে।

পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আপনার নাম শোনা যাচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘প্লিজ, সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেটা মেনে দল যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একই ধরনের কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীও। শনিবার জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, নতুন রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে দলের উচ্চপর্যায় থেকে সিদ্ধান্ত নেয়া হবে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পদত্যাগ করা রাষ্ট্রপতির বিচারের যে দাবি উঠেছে, সেটিও দলীয় সিদ্ধান্তের বিষয়।

নতুন রাষ্ট্রপতি কে হবেন তার জন্য অপেক্ষা করতে বললেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শনিবার এক অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয়, কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? তার ঝটপট উত্তর, সময় বলে দেবে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্ব›িদ্বতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে। ২০২৪ সালের সরকার পতনের পর তার পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ ও আন্দোলন হয়েছে জুলাই আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন সংগঠনের ব্যানারে। তবে তৎকালীন অন্তর্বর্তী সরকার তাকে সরানোর ঝুঁকি নেয়নি। এরপর বর্তমান সরকারও প্রথম দিকে তাকে পদত্যাগের বিষয়ে সায় দেয়নি। কিন্তু ছয় মাসের মধ্যেই কোনো এক রহস্যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগে বাধ্য হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

বড়পাথরে নৌকাডুবি নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App