কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল ট্রাম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:০০ এএম
ছবি : সংগৃহীত
কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দাবি, কানাডা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহলজাত পানীয়ের ক্ষেত্রে বৈষম্যমূলক বাণিজ্যনীতি অনুসরণ করছে। এর জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত নির্বাহী আদেশ অনুযায়ী, সিদ্ধান্তটি জারির ৩০ দিন পর থেকে কার্যকর হবে।
১৯৩০ সালের মার্কিন শুল্ক আইনের ৩৩৮ ধারা অনুযায়ী কানাডা থেকে আমদানি করা ওয়াইন, হকি স্টিক, সিমেন্টসহ বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এসব পণ্য ‘মার্কিন-মেক্সিকো-কানাডা (ইউএসএমসিএ)’ বাণিজ্য চুক্তির আওতায় উৎপাদিত হলেও এই শুল্ক থেকে অব্যাহতি পাবে না। তবে মার্কিন জ্বালানি, পটাশ, মাছ এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের মতো কিছু নির্দিষ্ট পণ্য এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। খবর এএনআইয়ের।
আরো পড়ুন : ইরানে মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাব তেহরানের
হোয়াইট হাউস জানিয়েছে, কানাডা দীর্ঘদিন ধরে বিভিন্ন শুল্ক ও কোটার মাধ্যমে মার্কিন পণ্যের প্রবেশে বাধা সৃষ্টি করছে। এর ফলে দেশটিতে যুক্তরাষ্ট্রের গাড়ি রপ্তানি ২২ শতাংশ এবং অ্যালকোহল রপ্তানি প্রায় ৮১ শতাংশ কমে গেছে। বাণিজ্য বৈষম্য দূর করা এবং মার্কিন ব্যবসা ও শিল্পকে আরো প্রতিযোগিতামূলক অবস্থানে আনতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
মার্কিন শুল্কনীতির বিরুদ্ধে এখন পর্যন্ত কার্যকর পাল্টা ব্যবস্থা নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে চীন ও কানাডা।
এদিকে, সম্প্রতি দাবানলের ধোঁয়া দুই দেশের সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ার ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই আলোচনায় ওটাওয়াকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি এবং তা না হলে অর্থনৈতিক পদক্ষেপের ইঙ্গিত দেন। এর পরপরই কানাডার পণ্যের ওপর নতুন এই শুল্ক আরোপের ঘোষণা এলো।
