দূষিত বায়ুর শীর্ষে রাজধানী, জনস্বাস্থ্যের জন্য হুমকি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ এএম
স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ছবি : সংগৃহীত
বেশ কিছুদিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে রাজধানী ঢাকা। ভয়াবহ বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকার বাতাস। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সাতসকালে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে থাকে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৪১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শহরটি, যা জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ঢাকার বায়ুর আজও যে মান, তা যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি, এর মধ্যে আছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি (৩৪৮), পশ্চিম নাখালপাড়া (২৭৯) ও ইস্টার্ন হাউজিং–২ (২৬৫)।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২১৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৯৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, ১৯১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের কলকতার স্কোর ১৭৮।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরো একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।
আরো পড়ুন : ঘন কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুরে জনপদ
