টানা ৪ দিন ৮ বিভাগে ভারী বর্ষণ, ভূমিধসের শঙ্কা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
দেশের আটটি বিভাগেই টানা চারদিন ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রকাশিত সংস্থাটির ভারী বর্ষণের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টির প্রবণতা অব্যাহত থাকায় মঙ্গলবার বেলা ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
এতে করে এসব অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
আরো পড়ুন : ঢাকায় বজ্রবৃষ্টি আভাস, বাড়তে পারে তাপমাত্রা
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
