উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, বাড়তে পারে নদীর পানি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:২৪ এএম
ছবি : সংগৃহীত
দেশের উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কার মধ্যেই বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী পাঁচ দিন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কারণে তিস্তা ও ধরলা নদীর পানি আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড।
আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক পরিস্থিতি বিশ্লেষণে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
আরো পড়ুন : বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত?
বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল আরো বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উজানে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কাও রয়েছে।
