ভারী বৃষ্টি থামতে আর কত দিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:০১ এএম
ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী দুই থেকে তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে এরপর চলতি মৌসুমে উল্লেখযোগ্য ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ৯ আগস্টের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে এবং সেপ্টেম্বর পর্যন্ত কেবল বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বর্ষা মৌসুমের মধ্যবর্তী সময় চলছে। ঋতুচক্রে আষাঢ় ও শ্রাবণকে বর্ষাকাল হিসেবে ধরা হলেও আবহাওয়াবিদদের হিসাবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাসই বর্ষা মৌসুমের অন্তর্ভুক্ত।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এরপর বৃষ্টির তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তার ভাষ্য, ৯ আগস্টের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
তিনি আরও বলেন, বর্তমানে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির অনুকূল পরিবেশ নেই। ফলে অন্তত আপাতত বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাও দেখা যাচ্ছে না।
আবহাওয়া বিশ্লেষণে দেখা গেছে, জুন ও জুলাই মাসে দেশে প্রায় স্বাভাবিক পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। তবে বর্ষা মৌসুমের শেষভাগে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে।
এদিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এ বিষয়ে একেএম নাজমুল হক বলেন, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় প্রকৃত তাপমাত্রার তুলনায় মানুষের শরীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম অনুভূত হয়। এছাড়া ঘাম দ্রুত শুকাতে না পারায় অস্বস্তিও বেড়ে যায়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগস্টের শেষ দিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করবে। এর ফলে ভ্যাপসা গরমের তীব্রতা কমে আবহাওয়া আরও স্বস্তিদায়ক হতে পারে।
