এবার সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরব
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০৬:৩২ পিএম
বিএনপি নেতারা বলেছেন, কোনো আপস হবে না। অতীতের মতো হামলা করে মামলা দিয়ে আন্দোলন দমন করা যাবে না। ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে রাজনৈতিক কৌশল বদল করে রাজপথে মোকাবিলা করবো। প্রয়োজনে রাস্তায় মরে যাব। তবুও এবার সরকারের পতন না ঘটিয়েই ঘরে ফিরব না।
সোমবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসমাবেশে বক্তারা এসব কথা বলেন।
এসময় বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে চলমান আন্দোলনকে দমন করতে চেয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।
শনিবার ঢাকার প্রবেশ পথগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা নির্যাতন ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি এ জনসমাবেশের আয়োজন করে।
বিএনপি নেতারা বলেন, কোনো আপস হবে না। সবাই মাঠে নামুন, সবাই মাঠে নামুন। আমরা সবাই রাস্তায় মরে যাবো। শেখ হাসিনার অধীনে কেনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন ঘটানো হবে।
