আখাউড়ায় গোপন বৈঠক, যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে ৪নেত্রীকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে সোপর্দ করা হয়েছে।
এ রআগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পৌরশহরের কলেজপাড়া এলাকায় গোপন বৈঠকের প্রস্তুতিকালে আখাউড়া থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন আখাউড়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগ নেত্রী রোকসানা আক্তার (৪২), আখাউড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুব মহিলা লীগ নেত্রী রেখা খানম (৪২), উপজেলা যুব মহিলা লীগ নেত্রী ফাতেমা বেগম (৪০) ও উপজেলা যুব মহিলা লীগ নেত্রী নাজমা বেগম (৩৬)।
আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলা যুব মহিলা লীগ নেত্রী ফাতেমা বেগমের কলেজপাড়ার তার বাসভবনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের গোপন বৈঠকের প্রস্তুতি চলছে— এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেত্রী ফাতেমা বেগমসহ ওই ৪জনকে গ্রেফতার করা হয়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী মহিলা যুবলীগ নেত্রীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
