মানিকগঞ্জে ৩৮ কেজি গাঁজাসহ ৪ নারী আটক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম
ছবি : সংগৃহীত
মানিকগঞ্জের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারীকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার (২২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক নারীরা হলেন- পশ্চিম বাস্তা গ্রামের তাসলিমা বেগম (৩২), রুজিনা বেগম (৩৫), তানহা (১৯) ও হাজেরা বেগম (৬০)।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আটক চার নারী দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রোববার রাতে তাদের সন্দেহজনক চলাফেরা দেখে এলাকাবাসী তল্লাশি চালান। এ সময় তাদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, ওই পরিবারের গৃহকর্তা আক্কাসসহ পরিবারের কয়েকজন সদস্য এর আগে মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তারা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, রোববার রাতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ওই পরিবারের বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ির রান্নাঘরের পেছন থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
তবে এ ঘটনার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত ঝর্ণা আক্তার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে দাবি করেন তিনি।
সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, ৩৮ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় আটক চার নারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
