×

ব্যাংক

নগদ অর্থ পেতে রপ্তানিকারকদের কেন্দ্রীয় ব্যাংকের নতুন সুবিধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম

নগদ অর্থ পেতে রপ্তানিকারকদের কেন্দ্রীয় ব্যাংকের নতুন সুবিধা

ফাইল ছবি

দেশের বৈদেশিক মুদ্রাবাজার ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘ফরেন এক্সচেঞ্জ মার্কেট (এফএক্সএম) মডিউল’ নামের এই ব্যবস্থার মাধ্যমে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনাবেচার নিলাম, আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেন এবং গ্রাহক পর্যায়ের লেনদেনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও সংরক্ষণ করা হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে এ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। এ জন্য গত সোমবার দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এতদিন প্রচলিত বা ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন হওয়া বৈদেশিক মুদ্রাসংক্রান্ত কার্যক্রম এখন থেকে এফএক্সএম মডিউলের মাধ্যমে করতে হবে। এর আওতায় রয়েছে বৈদেশিক মুদ্রার নিলাম, আন্তঃব্যাংক স্পট, ফরোয়ার্ড ও সোয়াপ লেনদেন এবং গ্রাহক পর্যায়ের বৈদেশিক মুদ্রা লেনদেন।

বাংলাদেশ ব্যাংকের মতে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে বৈদেশিক মুদ্রাবাজারে স্বচ্ছতা ও লেনদেনের গতি বাড়বে। পাশাপাশি বাজারের ওপর নিয়ন্ত্রক সংস্থার নজরদারিও আরও কার্যকর হবে।

আরও পড়ুন: মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা, কর্মকর্তারা বোনাস পাবেন কত?

স্বয়ংক্রিয় হবে ডলার নিলাম

এফএক্সএম মডিউলের মাধ্যমে বৈদেশিক মুদ্রার নিলাম স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংক প্রয়োজন অনুযায়ী ডলার কেনা বা বিক্রির জন্য প্ল্যাটফর্মে নোটিশ দেবে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো নির্ধারিত সময়ের মধ্যে সেখানে তাদের দর বা বিড জমা দিতে পারবে।

একটি নিলামে সর্বনিম্ন ৫ লাখ মার্কিন ডলারের অর্ডার দেওয়া যাবে। এরপরের অর্ডারগুলোও ৫ লাখ ডলারের গুণিতকে হতে হবে।

ব্যাংকের ফ্রন্ট অফিসের একজন ‘মেকার’ প্রাথমিকভাবে দর তৈরি করবেন। পরে ‘চেকার’ তা যাচাই করে অনুমোদন দেবেন। নিলামের নির্ধারিত সময় শেষ হওয়ার পর কোনো দর সংশোধন বা বাতিলের সুযোগ থাকবে না।

নিলাম শেষে জমা পড়া দরপত্রের ভিত্তিতে ফলাফল ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। বরাদ্দ পাওয়া ব্যাংককে তা চূড়ান্তভাবে গ্রহণ করতে হবে।

আন্তঃব্যাংক লেনদেনেও একই ব্যবস্থা

নতুন প্ল্যাটফর্মে ব্যাংকগুলোর পারস্পরিক বৈদেশিক মুদ্রা লেনদেনও সম্পন্ন হবে। স্পট ও ফরোয়ার্ড লেনদেনের জন্য ‘ওভার দ্য কাউন্টার’ (ওটিসি) স্ক্রিন এবং সোয়াপ লেনদেনের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন: ‘নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা’

বিক্রেতা ব্যাংক প্ল্যাটফর্মে বিক্রয় আদেশ দেওয়ার পর ক্রেতা ব্যাংক সেটি গ্রহণ করবে। এরপর অর্থ নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হবে।

সোয়াপ লেনদেনের ক্ষেত্রে তাৎক্ষণিক ও ভবিষ্যৎ—দুই পর্যায়ের নিষ্পত্তির ব্যবস্থা রাখা হয়েছে। এগুলোকে ‘নিয়ার লেগ’ ও ‘ফার লেগ’ বলা হচ্ছে। পুরো প্রক্রিয়াটি মেকার ও চেকারের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে।

রেফারেন্স বিনিময় হার নির্ধারণে ব্যবহার হবে তথ্য

এফএক্সএম মডিউলের মাধ্যমে বৈদেশিক মুদ্রার প্রকৃত রেফারেন্স রেট নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্যও সংগ্রহ করা হবে। এডি ব্যাংকগুলোকে প্রতিদিনের রপ্তানি, আমদানি ও রেমিট্যান্সসংক্রান্ত গ্রাহক পর্যায়ের প্রকৃত লেনদেনের তথ্য নির্ধারিত সময়ে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

নির্দেশনা অনুযায়ী, বেলা ১১টার লেনদেনের তথ্য বেলা সাড়ে ১১টার মধ্যে এবং বিকেল ৪টার লেনদেনের তথ্য বিকেল সাড়ে ৪টার মধ্যে জমা দিতে হবে। কোনো ব্যাংকের রিপোর্ট করার মতো লেনদেন না থাকলে ‘নাল রিপোর্ট’ দিতে হবে।

সাধারণভাবে ১ লাখ ডলার বা তার বেশি মূল্যের গ্রাহক লেনদেনের তথ্য দিতে হবে। তবে রেমিট্যান্সের ক্ষেত্রে লেনদেনের পরিমাণ যত কমই হোক, প্রতিটি লেনদেনের তথ্য এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, সমন্বিত এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ফলে বৈদেশিক মুদ্রাবাজারের তথ্য সংগ্রহ, ব্যবস্থাপনা ও নজরদারি আরও কার্যকর হবে। একই সঙ্গে সংগৃহীত তথ্যের ভিত্তিতে বাজারের বাস্তব পরিস্থিতি প্রতিফলিত করে একটি রেফারেন্স বিনিময় হার নির্ধারণ করা সম্ভব হবে, যা অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অসময়ে তিস্তার ভাঙন, শঙ্কায় ২০ হাজার মানুষ

অসময়ে তিস্তার ভাঙন, শঙ্কায় ২০ হাজার মানুষ

প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল সেবায় সমান প্রবেশাধিকার নিশ্চিতের দাবি

প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল সেবায় সমান প্রবেশাধিকার নিশ্চিতের দাবি

সব চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করতে হবে

ফজলুল হক মিলন সব চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করতে হবে

মোবাইলের স্ক্রিন ছেড়ে তরুণদের মাঠে ফেরাতে হবে

রোকন উদ্দিন বাবুল মোবাইলের স্ক্রিন ছেড়ে তরুণদের মাঠে ফেরাতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App