×

বরিশাল

এমপি মাসুদ

মাদক কারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম

মাদক কারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে

ছবি : সংগৃহীত

মাদক কারবারির তথ্য দিলে তথ্যদাতাকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়তে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।

তিনি জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিবর্তে মাদক নির্মূল অধিদপ্তর গঠনের প্রস্তাব তিনি সংসদে উত্থাপন করেছেন। তিনি বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ’ বলতে বোঝায় সরকারের নিয়ন্ত্রণে থেকে মাদকের ক্রয়-বিক্রয় পরিচালনা করা। কিন্তু ‘মাদক নির্মূল’ অর্থ হলো যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা, দেশে কোনো মাদক কারবারি থাকতে না দেওয়া এবং মাদকের ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা। অথচ কোনো সরকারই মাদক নির্মূলের পরিবর্তে নিয়ন্ত্রণের কথা বলছে। কারণ, মাদকের সিন্ডিকেট সরকারের ভেতর থেকেই পরিচালিত হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, পারিবারিক সহিংসতা, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও মাদক প্রতিরোধে শিক্ষক, ধর্মীয় নেতা, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বাউফলকে মাদকমুক্ত করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করে বলেন, কোনো মাদক কারবারির তথ্য দিলে তথ্যদাতাকে তাঁর (এমপির) পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

ড. মাসুদ আরো বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন এবং সর্বস্তরের সচেতন নাগরিককে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বিশেষভাবে তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সচেতন থাকার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, পারিবারিক মূল্যবোধ জোরদার, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, বাউফল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ফিরোজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App