প্রধানমন্ত্রী
৭ নভেম্বর শত্রু-মিত্র চিহ্নিত করার দিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএম
ছবি: সংগৃহীত
ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের শত্রু ও মিত্র চিহ্নিত করার দিন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশপ্রেমিক, স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে দিনটি তাৎপর্যপূর্ণ ও গৌরবের।
আজ শনিবার সকালে দিবস উপলক্ষে রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ প্রদর্শনীতে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে সেনাপ্রধান, বিমানবাহিনী প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।
১৯৭৫ সালের এই দিনে সিপাহি ও জনতার ঐতিহাসিক অভ্যুত্থান ঘটেছিল। যার মাধ্যমে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিয়েছিল। দেশের ইতিহাসে ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু ও মিত্র চিহ্নিত করার দিন।
অনুষ্ঠানে তারেক রহমানের বলেছেন, ১৯৭৫ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র চরম আকার ধারণ করেছিল। সেই চক্রান্তের ধারাবাহিকতায় ৩ নভেম্বর মধ্যরাতে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানকে সপরিবারে গৃহবন্দি করা হয়।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্বাধীনতার ঘোষককে বন্দি করে রেখে দেশের স্বার্থবিরোধী যে চক্রান্ত শুরু হয়েছিল, সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে তা রুখে দিয়েছিল। এ কারণেই দেশপ্রেমিক জাতীয়তাবাদী মানুষের কাছে ৭ নভেম্বর জাতীয় ঐক্যের চেতনার বাতিঘর।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) তিন হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য।
এর আগে সকালে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া পাঠ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শেরেবাংলা নগরে সমাধি জিয়ারতের সময় তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। এদিন বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে। শোভাযাত্রায় হেঁটে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
