খুলনায় তারেক রহমান
আইডি হ্যাক হয়নি, তারা মিথ্যাবাদী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডলে প্রকাশিত একটি পোস্টে নারীদের বিষয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে দু’দিন আগে বলেছেন, যে সকল মহিলা, যে সকল মা-বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে যান, তাদেরকে এমন একটি শব্দ ব্যবহার করেছেন- যা কলঙ্কস্বরূপ। এই কথা বলার পরে যখন তীব্র সমালোচনা শুরু হলো, তখন তারা বলছে আমাদের আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কার ভাষায় বলেছেন, আইডি এভাবে হ্যাক হতে পারে না।’
সোমবার খুলনার প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তারেক রহমান এ কথা বলেন। তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে। দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে। আইডি হ্যাক হয়নি। এরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মানুষের কাছে মিথ্যা কথা তুলে ধরছে। এদের পরিচয় এরা মিথ্যাবাদী।’
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনে সরকার গঠন করলে বিএনপির প্রথম দায়িত্ব হবে দেশকে পুনর্গঠন করা। দেশকে পুনর্গঠন করতে দল-মত-শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে আহ্বান জানান তিনি।
বিএনপির চেয়ারম্যান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে, তারা কোনোভাবে নারী নেতৃত্বে বিশ্বাস করে না। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুইদিন আগে বলেছে, যেসকল মহিলা, যেসকল মা-বোনেরা কর্ম-সংস্থানের জন্য যান, তাদেরকে নিয়ে অপমানজনক কথা বলা হচ্ছে। প্রিয় ভাই-বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের মা-বোনদের জন্য ব্যবহার করেছে, যা আমাদের দেশের জন্য কলঙ্কস্বরূপ।
তিনি বলেন, বাংলাদেশের লক্ষাধিক নারী পোশাকশিল্পে কাজ করে দেশের অর্থনীতি সচল রেখেছেন। নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের নারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে স্বামীর পাশাপাশি কাজ করছেন। অথচ তাদেরই আজ অপমান করা হচ্ছে।
তারেক রহমান আরও বলেন, এরা শুধু স্বার্থের কথা বোঝে, এরা ধর্মকে ব্যবহার করে স্বার্থ রক্ষা করার জন্য।
তারেক রহমান বলেন, খুলনা শিল্প কলকারখানা আজ ধ্বংস করে দিয়ে গেছে বিগত লুটেরা সরকার। আমরা যদি জনগণের সেবা করার সুযোগ পাই তাহলে এই রুগ্ন শিল্পকে আবার বিকশিত করবো ইনশাআল্লাহ। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে নিয়েই দেশ গড়তে হবে। শুধু একটি শ্রেণিকে নিয়ে কখনোই দেশ পুনর্গঠন সম্ভব নয়।
তারেক রহমান বলেন, যারা ইসলাম কায়েমের কথা বলে, তারা ভুলে যাচ্ছে— নবী করিম (সা.)-এর সহধর্মিণী হযরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী। তাহলে নারীদের কর্মজীবনকে অপমান করার এখতিয়ার কারও নেই।
তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের সাধারণ নির্বাচন উপলক্ষে আজ বিএনপি ও ধানের শীষের এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। বিগত ১৫–১৬ বছরে বিএনপি বহু আন্দোলন ও সংগ্রাম করেছে। এই সময়ে দলের অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন। হাজার হাজার, লাখো নেতাকর্মী বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা গায়েবি মামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। বাংলাদেশের মানুষ টানা ১৬ বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। শুধু জাতীয় নির্বাচন নয়, এমনকি স্থানীয় নির্বাচনেও জনগণ তাদের মতামতের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। এই দীর্ঘ সময়ে মানুষ তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারেননি। কেউ কথা বলার চেষ্টা করলে তাকে রাতের আঁধারে তুলে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে কিংবা খুন করা হয়েছে।
তারেক রহমান বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্ট মাসে দল-মত নির্বিশেষে দেশের মানুষ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে। আজ সময় এসেছে অধিকার আদায়ের। আগামী ১২ তারিখে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ সেই অধিকার প্রয়োগ করবে, যা থেকে এক যুগেরও বেশি সময় ধরে তাদের বঞ্চিত করে রাখা হয়েছিল।
আইটি পার্ক ও আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে ঋণ, সার, বীজ ও কীটনাশক সহজে পাওয়া যাবে। পাশাপাশি বর্তমানে যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ রয়েছে, তা সুদসহ মওকুফ করা হবে।
