ঠাকুরগাঁও-১ উপনির্বাচন
সরকারি দলের পক্ষে সমর্থনের অভিযোগ, ৯ কর্মকর্তাকে প্রত্যাহার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৭ এএম
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আগের রাতে ভোট গ্রহণের দায়িত্ব থেকে ৯ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে নির্বাচন কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি দলের পক্ষে সমর্থন দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যাহার করা কর্মকর্তাদের তালিকা অনুযায়ী, তাঁদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন। এ ছাড়া রয়েছেন একজন ব্যাংক কর্মকর্তা।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শুরু হয়েছে ভোটগ্রহণ, লড়াইয়ে ৫ প্রার্থী
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন ঠাকুরগাঁও পৌরসভার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মাসুদ রানা, ঠাকুরগাঁও সরকারি কলেজ ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জুলফিকার আলী, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, সালন্দর পাঁচপীর ডাঙ্গা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সাদেকুল ইসলাম, সিংগিয়া মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, দৌলতপুর সলেমান খান বহুমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ওবাইদুর রহমান, বালাপাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা শাহাদুল ইসলাম এবং বড়গ্রাম আলিম মাদ্রাসার সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল জব্বার।
জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ৯ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের জায়গায় নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটের ঠিক আগের রাতে দায়িত্বপ্রাপ্ত ৯ কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগের বিষয়টি সামনে এসেছে।
