‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান ও রুমিন ফারহানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আবু হানিফ অভিযোগ করেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে তিনি প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক আলোচনায় প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন।
আবু হানিফ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান না হলে ফজলুর রহমান আজ সংসদ সদস্য হতে পারতেন না। অথচ তিনি বিভিন্ন সময়ে এই গণঅভ্যুত্থানের বিরোধিতা করছেন। ফজলুর রহমান একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই কথায় আছে, ‘ওয়ান্স অ্যান আওয়ামী লীগ, অলওয়েজ অ্যান আওয়ামী লীগ।’
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিয়েও সমালোচনা করেন আবু হানিফ। তাঁর দাবি, বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হওয়ার পর সংসদে গিয়ে রুমিন ফারহানা সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন। বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে তিনি কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের ভূমিকা পালন করছেন বলেও মন্তব্য করেন তিনি।
আবু হানিফ অভিযোগ করেন, গত কয়েক দিনে গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ফজলুর রহমান ও রুমিন ফারহানা কোনো প্রতিবাদ জানাননি।
সবশেষে তিনি দাবি করেন, দুই সংসদ সদস্যের বক্তব্য ও কর্মকাণ্ডে মনে হচ্ছে, তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন।
