স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে স্বামীকে হত্যা
সৈয়দ মনির আহমদ, ফেনী
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
ফেনী শহরের মহিপালে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নূর নবী হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শাহপরান প্রকাশ ফয়সালকে (৪০) সোমবার রাতে দাগনভূঞা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে একই দিন সকালে মহিপাল ফ্লাইওভারের নিচে এ হত্যাকাণ্ড ঘটে। হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী থানার ওসি গাজী ফৌজুল আজীম। মঙ্গলবার (২৮ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, ভোলার বাসিন্দা দিনমজুর নূর নবী হোসেন। গ্রামের বাড়ী নদীভাঙনের পর ফেনীতে ভাসমান জীবনযাপন শুরু করেন। পরিচয়ের সূত্র ধরে দাগনভূঞার বিবি ফাতেমাকে বিয়ে করেন তিনি। জীবিকা নির্বাহের জন্য তারা রাস্তাঘাট থেকে বোতল সংগ্রহ করে বিক্রি করতেন এবং মহিপাল ফ্লাইওভারের নিচে রাত কাটাতেন।
পুলিশ জানায়, সোমবার ভোররাতে ফ্লাইওভারের নিচে ঘুমন্ত অবস্থায় নূর নবীর স্ত্রী বিবি ফাতেমাকে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে উত্ত্যক্ত করেন ফয়সাল নামে এক যুবক। একপর্যায়ে ফাতেমার ঘুম ভেঙে গেলে তিনি প্রতিবাদ করেন। এ নিয়ে ফয়সালের সঙ্গে নূর নবীর কথা কাটাকাটি হয়। পরে ফয়সাল ধারালো চাকু দিয়ে নূর নবীর পেটের দুই পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বিবি ফাতেমা ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে সোমবার রাতে দাগনভূঞা এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি বলেন, গ্রেপ্তার ফয়সালের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ সাতটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি মহিপাল ফ্লাইওভারের নিচে একটি পরিত্যক্ত গর্ত থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
