×

চট্টগ্রাম

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

ছবি : সংগৃহীত

জন্ম থেকেই দুই পায়ে সমস্যা। হুইলচেয়ারে ভর করে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের আলী নূর। তবে বাড়ির সামনে থাকা মাত্র এক কিলোমিটার বেহাল রাস্তা এখন তার শিক্ষাজীবনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি জানার পর আলী নূরের পাশে দাঁড়িয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তাটি সংস্কারের আহ্বান জানিয়েছেন।

আলী নূরের বাড়ি সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রামে। বাড়ির সামনে ‘ফুলহার তারা জামে মসজিদ’ সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। রাস্তাটি এতটাই বেহাল যে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করাও কঠিন। আর হুইলচেয়ারে চলাচল করা আলী নূরের জন্য এই পথ পাড়ি দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

জন্ম থেকেই দুই পায়ে সমস্যার কারণে চলাফেরায় হুইলচেয়ারের ওপর নির্ভর করতে হয় আলী নূরকে। শারীরিক প্রতিবন্ধকতা জীবনের প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জ তৈরি করলেও তা জয় করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একটি ভালো বিভাগে পড়াশোনা করছেন এই সম্ভাবনাময় তরুণ।

আরও পড়ুন: একনেক সভা কী, কীভাবে কাজ করে

নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করেন আলী নূর। কিন্তু বাড়ি থেকে মূল সড়কে ওঠার পথটুকু চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়াই বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

অসুস্থতার কারণে হলে থাকাও তার পক্ষে সম্ভব নয়। ফলে প্রতিদিন বাড়ি থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হয় তাকে। এ অবস্থায় দীর্ঘদিনের সাধনা ও শারীরিক প্রতিবন্ধকতা জয় করে বিশ্ববিদ্যালয়ে পৌঁছানো আলী নূরের শিক্ষাজীবন আটকে যেতে পারে মাত্র এক কিলোমিটার রাস্তার কারণে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানবিক আবেদন জানিয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তিনি মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূম্পা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরও পড়ুন: কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

এবি জুবায়েরের আবেদন, আলী নূরের বাড়ির সামনে ফুলহার তারা জামে মসজিদ সংলগ্ন রাস্তাটির অন্তত প্রয়োজনীয় সংস্কার করা হোক। এতে শুধু একটি রাস্তা সংস্কার হবে না, সচল হবে একজন অদম্য শিক্ষার্থীর শিক্ষাজীবন।

এবি জুবায়ের বলেন, আলী নূরকে নিয়ে প্রেস ব্রিফিং করেও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের পরিকল্পনা রয়েছে। তার ভাষায়, আলী নূরের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য কোনো উপায়ই তারা বাদ রাখতে চান না।

আলী নূরের গল্প কেবল একজন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর সংগ্রামের গল্প নয়; এটি সুযোগ পেলে প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যাওয়ার এক অনন্য উদাহরণ। একটি রাস্তার সংস্কার হয়তো প্রশাসনের কাছে ছোট একটি কাজ। কিন্তু সেই রাস্তা আলী নূরের জন্য হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পৌঁছানোর পথ এবং তার স্বপ্ন পূরণের অন্যতম অবলম্বন।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসন দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। কারণ একজন সম্ভাবনাময় শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন একটি ভাঙা রাস্তার কাছে পরাজিত না হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App